২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরেও জামিন পেলেন মাহফুজ আনাম

মানহানির মামলায় গাজীপুরের পর ফরিদপুরের আদালতেও জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 03:17 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হামিদুল ইসলামের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন।

আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করে বলে জানান মাহফুজ আনামের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী।

বিশ্বজিৎ সাংবাদিকদের বলেন, মাহফুজ আনামের বিরুদ্ধে দরখাস্তকারীর অভিযোগ জামিনযোগ্য। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে ন্যায় বিচারের স্বার্থে আসামির জামিন মঞ্জুর করেছে।

মামলার পরবর্তী তারিখ ২৯ মে ধার্য করা হয়েছে বলে জানান বিশ্বজিৎ।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ বেপারী গত ২২ ফেব্রুয়ারি ওই আদালতে ৫০ কোটি পাঁচ লাখ টাকার মানহানির এই মামলাটি দায়ের করেন।

আদালত মাহফুজ আনামকে ১৫ মার্চ সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।

জরুরি অবস্থার সময় যাচাই করা ছাড়া শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে এক ডজনের বেশি মামলা হয়।

এরমধ্যে বেশ কয়েকটি মামলায় তাকে বিভিন্ন জেলা আদালতে তলব করা হয়।

মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে এমন জেলাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ,যশোর, বরিশাল, ঝালকাঠি, নরসিংদী, বাগেরহাট, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও শেরপুর।

এরমধ্যে গাজীপুরের মামলায় সোমবার আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন তিনি।   

পুরনো খবর:

গাজীপুরে জামিন পেলেন মাহফুজ আনাম