২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেমের স্বীকৃতি না পেয়ে’ একই রশির ফাঁসে আত্মহত্যা

‘প্রেমের স্বীকৃতি না পেয়ে’ একই রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক কিশোর-কিশোরী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার সকালে উপজেলার জানপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস।

এরা হলেন ফকিরপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে রোস্তম আলী খন্দকার (১৭) ও মোতাহার হোসেনের মেয়ে সুলতানা আকতার মুক্তি (১৫)।

রোস্তম সাদুল্লাপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং মুক্তি স্থানীয় মহিষবান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

তাদের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ‘তিন বছর আগে রোস্তম ও মুক্তির মধ্যে প্রেমের সর্ম্পক হয়। সম্প্রতি দুই পবিবারের লোকেরা সম্পর্কের বিষয়ে জানতে পারলে তারা মেনে নেয়নি।

‘গত বুধবার তারা বাড়ি থেকে পালিয়ে যায়।’

রোববার সকালে স্থানীয়রা জানপাড়ার ছড়ার বাতা নামক এলাকায় একটি গাছে একই রশিতে তাদের দুজনের লাশ দেখে পুলিশে খবর দেয়।

পরিবারের কাছে প্রেমের স্বীকৃতি না মেলায় তারা আত্মহত্যা করেছে বলে ধারণা ওসির।