২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোমা বানাতে গিয়ে’ তিন তরুণ আহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বোমা বানানোর সময় বিস্ফোরণে তিন তরুণ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 01:28 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বুধবার রাত সোয়া ৮টার দিকে বিল কেন্দুয়া গ্রামের এ ঘটনায় আহতরা হলেন আবদুর রহমান (২৮), নিয়ামুল খাঁ (২২) ও আলিম খাঁ (২৫)।

সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের খাঁ বাড়ির ওই তিন তরুণ একটি ঘরে বোমা বানাচ্ছিলেন।

“হঠাৎ বিস্ফোরণে তিনজনই গুরুতর আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাড়ির লোকজন সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।”

তবে এর আগে আহত তিন তরুণকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের স্বজনরা সাংবাদিকদের বলেছিলেন, গ্রামের খাঁ গোষ্ঠীর লোকজনের সাথে একই গ্রামের একরাম উদ্দিন গোষ্ঠীর লোকজনের বিরোধ ছিল। এ নিয়ে কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

এর জের ধরে বুধবার রাতে খাঁ বাড়ির ওই তিন তরুণ একটি ঘরে টিভিতে খেলা দেখার সময় একরাম উদ্দিনের লোকজন হাতবোমা ছুড়ে মারলে তারা আহত হন বলে স্বজনরা অভিযোগ করেছিলেন।

এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যেতে বলার পর তারা চলে গেছে।