পাজেরো চাপায় প্রাণ গেল মা ও দুই সন্তানের
পটুয়াখালী পাজেরো চাপায় নিহত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী এক নারী ও তার দুই সন্তান।আহত হয়েছে আরও ছয় জন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সদরের শিয়ালী এলাকায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
নিহতরা হলেন দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকার আনোয়ারা বেগম (৪০), তার ছেলে মামুন হোসেন (১৫) ও মেয়ে মরিয়ম (৩ মাস)।
আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, শহরের চৌরাস্তা এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বদরপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিল।
“শিয়ালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাজেরো জিপ অটোরিকশাটিতে চাপা দিলে তা দুমড়ে মুচড়ে হতাহতের এ ঘটনা ঘটে।”
পাজেরোর আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম।
