এক ইউপিতে আ. লীগের দুই প্রত্যয়ন, মনোনয়নপত্র বাতিল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রত্যয়নসহ জমা দেওয়া দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকালে উপজেলার হিরন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এ দুজন হলেন মুন্সী এবাদুল ইসলাম ও গোলাম কিবরিয়া দাড়িয়া।
আওয়ামী লীগ থেকে দুজনকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুজনই মনোনয়নপত্র জমা দেন।
এ নিয়ে দল থেকে তাদের সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও কেউ রাজি না হওয়ায় অবশেষে রিটার্নিং কর্মকর্তা দুজনের মনোনয়নপত্র বাতিল করেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “দুটি মনোনয়নপত্রেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর ছিল। সেক্ষেত্রে মনোনয়নপত্র দুটি বাতিল করা ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না।”
তবে তারা আগামী ৯ মার্চ পর্যন্ত আপিলের সুযোগ পাবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে আপিল করবেন বলে জানিয়েছেন মুন্সী এবাদুল ইসলাম।
গোলাম কিবরিয়া দাড়িয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে হিরন ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ এস এম হুমায়ূন কবির বলেন, দল প্রথমে গোলাম কিবরিয়া দাড়িয়াকে মনোনয়ন দেয়। পরবর্তীতে তার মনোনয়ন বাতিল করে মুন্সী এবাদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। তবে দুজনের কাছেই দলের সভানেত্রীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্র হস্তান্তর করা হয়।
