নীলফামারীতে ট্রাক্টর উল্টে নিহত ২
নীলফামারীর ডিমলায় ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
সোমবার দুপুরে উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের সন্টুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ।
নিহতরা হলেন ইউনিয়নের মাহান্তপাড়া গ্রামের কদম আলীর ছেলে ট্রাক্টর চালক আশরাফুল ইসলাম (৩০) ও একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক আলী (২০)।
আহত তফিজুল ইসলামকে (২৫) ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, বেলা দেড়টার দিকে সন্টুর মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে খালি ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালক, তার সহকারী ও এক শ্রমিক আহত হয়।
“তাদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আশরাফুল ও সাকেদ আলীর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।”
ডিমলা থানার ওসি রুহুল আমিন খান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
