মাদারীপুর ও ফেনীতে ১৩ আ. লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনী ও মাদারীপুরে আওয়ামী লীগের ১৩ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
এদের মধ্যে রয়েছেন ফেনীর পরশুরাম উপজেলার তিনজন এবং মাদারীপুরের শিবচর উপজেলায় ১০ জন।
পরশুরামের ইউনিয়নগুলো হলো চিথলিয়া, বক্সমাহমুদ ও মির্জানগর।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাহেদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই তিন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র জমা দেননি। জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার।
আগামী ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৪ মার্চ তাদের বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।
অপরদিকে মাদারীপুরের শিবচরে কোনো প্রতিদ্বন্দ্বী পাননি আওয়া লীগের ১০ চেয়ারম্যান পদপ্রার্থী।
ইউনিয়নগুলো হলো কাদিরপুর, কুতুবপুর, দত্তপাড়া, মাদবরচর, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, শিরুয়াইল, নিলখী, বন্দরখোলা ও ভাণ্ডারীকান্দি।
শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আজমল হোসেন বলেন, এই ১০ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে তারা বিনা ভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার।
আগামী ২২ মার্চ প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
