‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ, হামলায় আহত ৪ পুলিশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসামি ধরার অভিযানে ‘মাদক বিক্রেতারা’ পুলিশের উপর হামলা চালিয়েছে।
শুক্রবার দুপুরে মিজমিজি টিসি রোডের তালতলা শাহী মসজিদ এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই সময় পুলিশের গুলিতে দেলোয়ার হোসেন (৩৫) নামে একজন আহত হয়েছেন এবং একজন এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, সকাল ৭টার দিকে আব্দুল লতিফ মিয়াকে কুপিয়ে আহত করে তার ছোট ভাই মাদক বিক্রেতা দেলোয়ার হোসেন ও তার সহযোগী মোক্তার। এ ঘটনায় আহত আব্দুল লতিফ ছোট ভাই দেলোয়ার হোসেন ও সহযোগী মোক্তারকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পরে তার (এসআই সাখাওয়াত) নেতৃত্বে একদল পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে ওই এলাকায় অভিযানে গেলে দেলোয়ার ও তার সহযোগী মোক্তারসহ অন্যরা পুলিশের উপর হামলা চালায় বলে জানান সাখাওয়াত।
“ওই সময় পুলিশের শট গানের গুলিতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। কিন্তু মোক্তার পালিয়ে যেতে সক্ষম হন।”
পুলিশের উপর হামলায় এসআই সাখাওয়াত হোসেন, কনস্টেবল ইকবাল, শাহজাহান ও মজিবুর আহত হন বলে জানান সাখাওয়াত।
হামলার বিবরণ দিয়ে এসআই সাখাওয়াত হোসেন বলেন, প্রথমে দেলোয়ার ও তার লোকজন পুলিশদের লক্ষ্য করে বর্শা নিক্ষেপ করে। পরে মরিচের গুঁড়া ছিটায়।
পরে পুলিশের অস্ত্র ধরে টানাটানি করার সময় শট গান থেকে এক রাউন্ড গুলি বের হয়ে এলে দেলোয়ার আহত হন বলে দাবি করেন সাখাওয়াত।
আহত দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ বলেন, দেলোয়ার ও মোক্তার দুইজনেই মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশ দেলোয়ারকে গ্রেপ্তার করেছে। মোক্তারকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মো. ফোরকান শিকদার জানান, পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে অস্ত্র ধরে টানাটানি করলে এক রাউন্ড গুলি বের হয়ে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন।
এ ঘটনার দুদিন আগে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা শাহী বাজার এলাকায় ডিশ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি মাহবুব ওরফে অটো মাহবুবকে গ্রেপ্তার করতে গেলে সিআইডি পুলিশ হামলার শিকার হয়।
