২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকনিক স্পটে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু

সাভারের আশুলিয়ায় একটি পিকনিক স্পটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 04:40 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

শুক্রবার দুপুরে তৈয়বপুর এলাকার বর্ণচ্ছটা পিকনিক স্পটে এ ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার এসআই অভিজিৎ চৌধুরী।

নিহত রবিউল ইসলাম (৩০) রংপুর জেলার বিষ্ণুপুর এলাকার জমির উদ্দিনের ছেলে। সাভার পৌর এলাকার মালঞ্চ মহল্লায় পরিবার নিয়ে ভাড়া থেকে বেলুন বিক্রি করে চলতেন তিনি।

এসআই অভিজিৎ বলেন, বর্ণচ্ছটা পিকনিক স্পটে আগতদের জন্য দুপুরে বেলুন ফুলাচ্ছিলেন রবিউল। এক পর্যায়ে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

এতে তার বাম পা উড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা অভিজিৎ জানান, ঘটনার পর থেকে পিকনিক স্পটটির লোকজন পলাতক রয়েছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।