২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ইউনিয়নে দুই প্রার্থীকে আ.লীগের প্রত্যয়নপত্র

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ইউনিয়নে দুই নেতাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 08:31 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

উপজেলার হিরন ইউনিয়নে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা দলীয় প্রত্যয়নপত্র পেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর বলেন, গত রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে হিরন ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

“কিন্তু সোমবার বেলা ১১টায় গোলাম কিবরিয়া দাড়িয়া ধানমন্ডির কার্যালয় থেকে প্রত্যয়নপত্র পান। আর রাত ১০টায় মুন্সী এবাদুল ইসলামকেও সেখান থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়।”

এ ব্যাপারে মুন্সী এবাদুল ইসলাম বলেন, “দল আমাকে মনোনয়ন দিয়েছে। অন্য কেউ মনোনয়ন পেয়েছে কিনা তা আমার জানা নাই।”

গোলাম কিবরিয়া দাড়িয়া বলেন, “দল আমাকে মনোনয়ন দিয়েছে। দল এই মনোনয়ন বাতিল করেছে কিনা তা আমি জানি না।

“তবে আমাদের দলীয় সভানেত্রী যে সিদ্ধান্ত দেবেন তা আমি মেনে নেব।”