নীলফামারীতে চার বছরের শিশু ধর্ষণের শিকার
নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামে চার বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ধর্ষণের অভিযোগে আমিনুর রহমান (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ডিমলা থানার ওসি রুহুল আমিন খান।
তিনি বলেন, “আমিনুরকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।”
ওই গ্রামের তহিমুদ্দিনের ছেলে আমিনুরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
শিশুটির মা জানান, শুক্রবার সন্ধ্যার আগে তার দূর সর্ম্পকের দেবর আমিনুর রহমান বাড়ি এসে পান খেতে চায়। পান না থাকায় আমিনুর বাড়ি ফিরে যায়।
“পরে দোকান থেকে পান এনে আমার চার বছরের শিশু কন্যার হাতে দিয়ে আমিনুরের বাড়িতে পাঠাই। এ সময় আমিনুরের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় আমার শিশু মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে আমিনুর।”
এ সময় শিশুর চিৎকারে এলাবাসী ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
তবে পুলিশের উপস্থিতিতে থানায় সাংবাদিকদের কাছে ধর্ষণের আভিযোগ অস্বীকার করে আমিনুর রহমান দাবি করেন, শিশুটির বাবার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় তাকের ধর্ষণের ঘটনা সাজিয়ে ফাঁসানো হচ্ছে।
