২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুল হক মোস্তফা শহীদের দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদকে হবিগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 07:37 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

চলে গেলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ

শুক্রবার হবিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও তার বাড়ি কুটিরগাঁও গ্রামে নামাজে জানাজা শেষে সন্ধ্যা ৬টায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে বৃহস্পতিবার দুপুরে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে এনামুল হক মোস্তফা শহীদের মরদেহ হবিগঞ্জ পৌঁছে। স্থানীয় নিউফিল্ড থেকে লাশটি নিয়ে আসা হয় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়।

সেখানে প্রথমে গার্ড অব অনার দেয় পুলিশের একটি দল।

এরপর সাবিনা আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, জয়দেব কুমার ভদ্রর নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, সিলেট জেলা আওয়ামী লীগ, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, খোয়াই থিয়েটার ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপ মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করেন।

বেলা ১১টায় কেন্দ্রীয় ইদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আবু জাহির, আব্দুল মজিদ খান, মাহবুব আলী, আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর মরহুমের পুরাতন হাসপাতাল সড়কের বাসভবনে লাশ নেওয়া হয়। ২য়, ৩য় ও ৪র্থ জানাজা যথাক্রমে মাধবপুর, চুনারুঘাট ও তার নিজ গ্রাম শায়েস্তাগঞ্জের কুটিরগাঁওয়ে অনুষ্ঠিত হয়।

চুনারুঘাটে সাত দিনের শোক

মুক্তিযুদ্ধের সংগঠক এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

ওই সময়ের মধ্যে আওয়ামী লীগ কার্যালয়সহ উপজেলার বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এনামুল হক মোস্তফা শহীদ ২০১৪ সালের ১৪ মার্চ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে একুশে পদকপ্রাপ্ত এনামুল হক স্ত্রী মিনু মমতাজ ও দুই ছেলে রেখে গেছেন।

১৯৩৮ সালের ২৮ মার্চ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুটিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হক পেশায় চিকিৎসক ছিলেন।

এনামুল হক ১৯৫৬ সালে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর আইন পেশায় নিয়োজিত হন।

তিনি এলাকা শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন; বেশকিছু স্কুল, কলেজ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬’র ৬ দফার আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান ছিল।

হবিগঞ্জ ভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক এনামুল হক মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জ মহকুমা সর্বদলীয় সংগ্রাম পরিষদের নির্বাহী সদস্য ছিলেন।

১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে এবং ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-চুনারুঘাট আসনে আওয়ামী লীগ প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।