২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ‘অপহরণকারী’ গ্রেপ্তারের পর গোলাগুলি

সাতক্ষীরায় এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর তার সহযোগীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের গোলাগুলিতে আহত হয়েছেন সন্দেহভাজন সেই অপহরণকারী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 11:56 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

গুলিবিদ্ধ সাদ্দাম হেসেন (২৫) যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের রবিউল ইসলামের ছেলে।  তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে তাকে ওই গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে ফেরার পথে সদর উপজেলার গাঙনি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনামুল হকের ভাষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার ভোমরা বন্দর এলাকা থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট আব্দুস সেলিম অপহৃত হন। পরদিন শার্শার কাজিরবেড় থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে চার জনকে গ্রেপ্তার হয়।

“তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সহযোগী সাদ্দামকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা আনার পথে তার সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলির মধ্যে সাদ্দাম গুলিবিদ্ধ হয়।”

পরে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি রাম দা উদ্ধার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।