ইউপি নির্বাচন: বরগুনায় সংঘর্ষে যুবক নিহত
বরগুনার আমতলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায়।
নিহত বশির উদ্দিন (৩৫) আমতলীর হলদিয়া গ্রামের বাসিন্দা কাঞ্চন আলী সিকদারের ছেলে।
ওসি পুলক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সোমবার রাতে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ ১৩ জন আহত হন।
“আহতদের প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান বশিরের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
“বুধবার সকালে সেখানে বশিরের মৃত্যু হয়।”
এ ঘটনায় নিহতের বাবা বুধবার আমতলী থানার একটি মামলা করেছেন বলে জানান তিনি।
