ফতুল্লায় নিখোঁজের ২২ দিন পর অর্ধগলিত লাশ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের ২২ দিন পর এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভূঁইগড় পশ্চিমপাড়া থেকে স্থানীয় আব্দুল হান্নানের (৫৭) লাশ উদ্ধার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান।
নিহত হান্নানের মা গুলনাহার বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূইঁগড় পশ্চিমপাড়ার বাড়ি থেকে গত ১ ফেব্রুয়ারি সকালে বের হয়ে নিখোঁজ হন আব্দুল হান্নান।
“আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কী কারণে বা কিভাবে হান্নানের মৃত্যু হল তা আমাদের বোধগম্য নয়।”
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পশ্চিমপাড়া তিন রাস্তার মোড়ে কালভার্টের নিচে স্থানীয় লোকজন লাশ দেখতে পায়। ঘটনাস্থলে গিয়ে হান্নানের পরনের কাপড় দেখে লাশ শনাক্ত করেন স্বজনরা।
হান্নান জমি বিক্রি করে সেই টাকা দিয়ে গরু পালন করতেন।
ওসি জানান, নিখোঁজের ২২ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বিষয়ে জিডি বা মামলা করেনি পরিবার।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
