২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ১৯ ইউনিয়নে আ. লীগের প্রতিদ্বন্দ্বী নেই

আসন্ন নির্বাচনে বাগেরহাটের ১৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ১৯টি ইউনিয়নে কেবল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

“আগামী ২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।”

বাগেরহাটের ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে ৭৪টিতে আগামী ২২ মার্চ নির্বাচন হওয়ার কথা। মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ না হওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না।

৭৪ ইউনিয়নে ২১৫ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ আটটি রাজনৈতিক দলের ১৩৩ জন এবং স্বতন্ত্র ৮২ জন।

নির্বাচন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ ৭৪টির মধ্যে সবকটি ইউনিয়নে, বিএনপি ৪২টিতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭টিতে, জাতীয় পার্টি (এরশাদ) ৪টিতে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টিতে এবং অন্য দল দু-একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ৭৪টি ইউনিয়নের জন্যই প্রার্থী চূড়ান্ত করেছিলাম। কিন্তু আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের জন্য রিটার্নিং কর্মকতার কার্যালয়ে গেলেও আওয়ামী লীগের প্রার্থীরা পথে তাদের আটকে দেয়।

“কিছু প্রার্থীর মনোনয়নপত্র তারা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে, কাউকে কাউকে ভয়ভীতি দিয়ে বাড়ি ফিরিয়ে দেয়।”

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন।

“এই অভিযোগ ভিত্তিহীন। বিএনপি যেসব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করতে পারেনি বলে অভিযোগ করছে সেসব ইউনিয়নে তাদের কোনো ভোট নেই। তাই তারা পরাজয় নিশ্চিত বুঝতে পেরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”