ভাংগায় ফুটবল মাঠের ‘ফাউল’ গড়ালো প্রাণহানিতে
ফরিদপুরের ভাংগায় ফুটবল খেলায় ‘ফাউল’ নিয়ে বাক-বিতণ্ডা থেকে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
মঙ্গলবার সকালে উপজেলার আলগী বালিয়াচড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ভাংগা থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত জামাল শেখ (৩৭) বালিয়াচড়া গ্রামের সোহরব শেখের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মিজানুর বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াচড়া গ্রামের শামসুল উলুম কওমি মাদ্রাসা মাঠে স্থানীয় যুবকদের ফুটবল খেলার মধ্যে ‘ফাউল’ করা নিয়ে বাকবিতণ্ডা হয়।
পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে পূর্ববিরোধী দুটি পক্ষ স্থানীয় বিলাল শেখ ও বাকলেস হরকরার লোকজনও দুটি পক্ষ নেয়। দফায় দফায় ওই সংঘর্ষে তারা লাঠিসোটাসহ নানা দেশি অস্ত্র ব্যবহার করে।
“খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান চিকিৎসাধীন অবস্থায় জামালের মৃত্যু হয়। পরে সেখান থেকে আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল ও আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
