বাড়ির সবাইকে অচেতন করে লুট, আটক ৩
বাগেরহাটে এক পরিবারের সব সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকাসহ বিভিন্ন মালপত্র লুটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে বিষ্ণুপুর গ্রামের এশারাত শেখের বাড়ির সদস্যদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পায় বলে সদর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান জানান।
পরে সবাইকে সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর আড়াইটার দিকে তাদের জ্ঞান ফেরে।
সদস্যরা হলেন গৃহকর্তা এশারত শেখ (৫৫), স্ত্রী আকলিমা বেগম (৪৫), মেয়ে ইয়াছমিন (২৫), লীলা (১৩) ও শীলা (৩)।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোশারেফ হোসেন জানান, তারা আশঙ্কামুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।
অপরদিকে এর আগে একই গ্রাম থেকে পুলিশ তিনজনকে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মালপত্রসহ গ্রেপ্তার করে।
ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই গ্রেপ্তারকৃতরাই এশারত শেখের বাড়ির সদস্যদের অচেতন করে লুটের কথা স্বীকার করেছে।
“তারা জানালা ভেঙে ভিতরে ঢুকে ঘুমিয়ে থাকা সবাইকে স্প্রে করে অচতেন করে। পরে মালপত্র লুট করে নির্বিঘ্নে চলে যায়।”
গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রামের অসেল খাঁর ছেলে রজ্জব আলী (৪০), মোরেলগ্ঞ্জ উপজেলার বৌলপুর গ্রামের গণি হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৪৫) ও কচুবুনিয়া গ্রামের মোজাম সরদারের ছেলে রিপন (৪০)।
তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মানুষকে অচতেন করে সর্বস্ব লুট করছে বলে পুলিশকে জানিয়েছে।
