জয়পুরহাটে আইনজীবীদের কোন্দল, আদালতে ভাংচুর
জয়পুরহাটে বার সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে বিচারকাজে অংশ নিতে যাওয়ায় আদালতে ভাংচুর ও আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় সন্ধ্যায় অদালতের ভারপ্রাপ্ত নাজির আব্দুল হান্নান একজনের নাম উল্লেখসহ ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান সদর থানার ওসি ফরিদ হোসেন।
বার সমিতির সাধারণ সম্পাদক আবু নাসিম মোহাম্মদ শামিমুল ইমাম বলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আবদুল মজিদের অনিয়মের প্রতিবাদে তার আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় বার সমিতি গত ২০১৫ সালের ১৩ ডিসেম্বর।
“এ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার দুপুরে তিন আইনজীবী বিচার কার্যক্রম পরিচালনার জন্য ওই আদালতে প্রবেশ করলে অন্য আইনজীবীরা বাধা দেন।”
এ সময় আইনজীবীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ‘সামান্য ধাক্কাধাক্কি’ হয়েছে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী আইনজীবী সুলতান আলম মোল্লাও একই কথা বলেন। তবে তিনি বা সাধারণ সম্পাদক এ ঘটনার সাথে জড়িত কারও নাম বলেননি।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে সামান্য ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। তিনিও কারও নাম প্রকাশ করেননি।
