ফুটওভার ব্রিজ নিয়ে সেতুমন্ত্রী কাদেরের ‘দুঃখ’
রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি নিয়ে জনগণ উচ্চকিত হলেও ব্যবহারের ব্যাপারে ‘আলস্য ও অনাগ্রহ’ রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিষয়টি নিয়ে মনে ‘দুঃখ’ রয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “আমার একটা দুঃখ, আমি অনেক ফুটওভার ব্রিজ করেছি। শতাধিক ফুটওভার ব্রিজ শুরু করে শেষ করেছি। এসব করার আগে প্রত্যেকেরই দাবি থাকে, এসব না করলেই নয়।
“ফুটওভার ব্রিজ নির্মাণের দাবির ব্যাপারে তারা যতটা উচ্চকিত . . ., কিন্তু ব্যবহারের ব্যাপারে আমি অনেকের মধ্যে একটা আলস্য ও অনাগ্রহ দেখতে পাই।”
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী কাদের।
সড়ক দুর্ঘটনা ও যানজটকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে আখ্যায়িত করে যানজটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
সারা দেশে আগামী তিন-চার বছরের মধ্যে সড়ক যোগাযোগ নেটওয়ার্কের দৃশ্যমান পরিবর্তন সবাই দেখতে পাবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “জনগণ সুবিধা পাবে।”
দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক দখল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “রাস্তা দখল করা হলে ৮ লেন, ১৬ লেন করলেও কি হবে? লেন বাড়িয়ে লাভ নেই। সড়ক ব্যবহারের মানসিকতা, শৃঙ্খলা থাকতে হবে।”
নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি ‘নালিশী দলে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, “গেল পৌর নির্বাচন মোটামুটি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। এটা দেশে-বিদেশে সবাই স্বীকার করেছে। আমরা তার চেয়েও ভাল ইউপি নির্বাচন করতে চাই।
“বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে নালিশী রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তারা রাজনীতি বাদ দিয়ে এখন একটা নালিশী দলে পরিণত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের আগেই তারা হেরে যায়। এটা তাদের একটা সমস্যা।”
বুধবার ঢাকায় এক সভায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে বলেন, “দেশে নির্বাচন প্রকল্প শুরু হয়েছে। সরকার একেকটা নির্বাচন করবে, সমস্ত কিছু দখল করে নিয়ে যাবে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের একথার সমালোচনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমি তাকে পাল্টা প্রশ্ন করছি- আমরা যদি দখলই করি, ফল ছিনতাই করি তাহলে ঠাকুরগাঁওয়ে আপনার (মির্জা ফখরুল) ভাই বিএনপি থেকে কিভাবে পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন?
“বিএনপি ৩০টির মতো পৌরসভায় নির্বাচিত হয়েছে; তাহলে কি তারাও সেগুলোতে দখল করে জয়ী হয়েছে?”
জয়দেবপুর-বিমানবন্দর র্যাপিড বাস ট্রানজিট প্রকল্পের কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শুরু হবে বলে জানান মন্ত্রী।
এছাড়া জয়দেবপুর-ময়মনসিংহ ও ঢাকা-চট্রগ্রাম ফোর লেনের টুকিটাকি কাজ শেষ করার পর আগামী মে মাসের মধ্যে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে রাস্তাঘাট নির্মাণের ওপর গুরুত্ব দেন সড়ক পরিবহন মন্ত্রী।
“এক সঙ্গে ৫০/১০০ বছরের পরিকল্পনা হাতে নিয়ে আমাদের এদেশের রাস্তাঘাট নির্মাণ করা উচিত, যাতে রাস্তাগুলো সাসটেইনেবল হয়- বার বার ওইসব পরিবর্তন করতে না হয়।
“ভবিষ্যতে সেই চিন্তা মাথায় রেখে প্ল্যানওয়েতে সেগুলো করব। সামনে যত রাস্তা হবে, সেখানে স্লো মোবারদের জন্য ব্যবস্থা রাখা হবে; সেভাবেই ডিজাইন করা হবে।”
ফুট্ওভারব্রিজ উদ্বোধনের সময় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহবুবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, ঢাকা বিভাগীর প্রকৌশলী সবুজ উদ্দিন খান ও গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন মন্ত্রীর সঙ্গে ছিলেন।
