২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইক ছিনতাই: ত্রিশালে জনতার পিটুনিতে নিহত ১

ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় জনতার পিটুনিতে একজন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 01:51 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

এ সময় ছিনতাইকারীদের গুলিতে ওই মোটর সাইকেলের মালিক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে ত্রিশালের কানহর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার লাশ ত্রিশাল থানায় রাখা হয়েছে।

আহত আল আমিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার রাতে তিন ছিনতাইকারী কানহর এলাকা থেকে আল আমিনের মোটরসাইকেল ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাদের ধাওয়া করলে ছিনতাইকারীরা গুলি চালায়।

“এ সময় আল আমিন গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।