রাবিতে পরীক্ষার দাবিতে অবস্থানে অনড় শিক্ষার্থীরা, অসুস্থ ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দাবিতে অবস্থানে অনড় রয়েছে একদল শিক্ষার্থী, যাদের মধ্যে তিনজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
আইন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের ক্লাসে সন্তোষজনক উপস্থিতি না থাকায় পরীক্ষা দিতে না পারায় তারা বিভাগের সামনে অবস্থানে রয়েছে।
অবস্থানের মধ্যেই সোমবার সকালে প্রথম বর্ষের ১২৬ জনের মধ্যে ৫৭ জনকে বাদ রেখে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানান বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ।
এদিকে অনশনের ঘোষণা না থাকলেও অবস্থানের কারণে খেতে না পেয়ে তিন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
তাদের মধ্যে আফিফা ও সুমাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থানরত শিক্ষার্থীরা জানিয়েছেন।
এছাড়া নাজমুলকে বিভাগের সামনেই স্যালাইন দিয়ে রাখতে দেখা গেছে।
রোববার দুপুর ১২টায় বিভাগের প্রথম বর্ষের ৫৭ শিক্ষার্থী অবস্থান শুরু করার পর সন্ধ্যায় দ্বিতীয় বর্ষের ৪৫ শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেয়।
তবে সোমবার রাত ১০টায় ১০-১২ জনকে অবস্থানে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক শিক্ষার্থী অভিযোগ করেন, “ক্লাসে কম উপস্থিতির কারণে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না। কিন্তু শিক্ষকরাই নিয়মিত ক্লাসে আসেন না। হঠাৎ একদিন এসে চার-পাঁচটি অ্যাটেনডেন্স দিয়ে দেন। শিক্ষরাই ডিসকলেজিয়েট।”
অবস্থানরত মুস্তাফিন নামের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা গতকাল থেকে আন্দোলন করছি। কিন্তু আমাদের সাথে শিক্ষকরা কোনো ধরনের কথা বলছেন না।
“পরীক্ষা শুরু হলে অফিসের পিছনের জানালা দিয়ে খাতা ও প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা নিয়েছেন। এটা খুবই লজ্জাকর।”
তবে বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ বলেন, “সবকিছু নিয়ম মেনেই হচ্ছে।”
