২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তি পৌরসভায় সংঘর্ষ, এক কেন্দ্রে ভোট স্থগিত

ব্যালট পেপার ছিনতাই নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 02:21 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সোমবার দুপুরে বেলা ১টা থেকে কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ব্যালট পেপার ছিনতাই নিয়ে বিশৃঙ্খলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

এছাড়া নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরেও দুই মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

বর্ধিত তিনটি ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতায় ৩০ ডিসেম্বর শাহরাস্তি পৌরসভায় ভোট হয়নি।

এতে মেয়র পদে আওয়ামী লীগের হাজী আবদুল লতিফ ও বিএনপির মো. মোস্তফা কামাল দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর দলীয় প্রতীক ছাড়া কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শাহরাস্তি পৌরসভায় ভোটার ২৬ হাজার ৩৮ জন।

এদিকে ভোলার চরফ্যাশন পৌরসভায় নিবার্চনী আইন ভঙ্গ করার দায়ে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের জ্যেষ্ঠ হাকিম শিবলী নোমান।

দণ্ডপ্রাপ্ত নাম সাকিল (১৭) ৫ নং ওয়ার্ডের করিমজান মহিলা মাদ্রাসা কেন্দ্রে মহিলা বুথে প্রবেশ করে প্রার্থীর পক্ষে পানির বোতল বিতরণ করে বোতল মাকার্য় ভোট চাওয়ার সময় তাকে আটক করা হয় বলে রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান জানিয়েছেন।