দিনাজপুরেও মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা
জরুরি অবস্থার সময় যাচাই না করে শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করার ঘটনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দিনাজপুরে একটি মামলা হয়েছে।
রোববার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে মামলাটি দায়ের করেন দিনাজপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য শামসুর রহমান পারভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিচারক আহসানুল হক মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করেন।”
দণ্ডবিধির ১২০খ (২), ৪১৭ ও ৫০৫(ঘ) ধারায় মামলাটি করা হয়েছে বলে বাদী পক্ষের আইনজীবী হযরত আলী বেলাল জানিয়েছেন।
ফাইল ছবি
সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।
তার ওই স্বীকারোক্তির পর আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি নেতারাও ডেইলি স্টার ও পত্রিকাটির সম্পাদকের ওই ভূমিকার সমালোচনায় মুখর হন।
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় রাষ্ট্রদ্রোহ মামলায় মাহফুজ আনামকে গ্রেপ্তারের দাবি জানান এবং ইংরেজি এই দৈনিকটি বন্ধের পাশাপাশি মাহফুজ আনামের বিচার দাবি করেন কয়েকজন সংসদ সদস্য।
এঘটনায় এর মধ্যে ঢাকা ও নেত্রকোণার আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি মামলা হয়েছে।
এছাড়া একাধিক জেলায় তার বিরুদ্ধে মানহানির বেশ কয়েকটি মামলাও করা হয়েছে।
