ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, টাঙ্গাইলে একজন আটক
টাঙ্গাইল সদর উপজেলায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্টকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব।
মাহমুদ নগর ইউনিয়নের পারবহলি এলাকায় নিহত ইকবাল হোসেন (২৬) টাঙ্গাইল শহরের দিঘুলিয়া এলাকার আবদুল আজিজের ছেলে।
র্যাব-১২-এর টাঙ্গাইল কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ব্যবসায়ী ইকবাল রাতে মোটরসাইকেল যোগে শহরের বাসায় ফিরছিলেন।
“পারবহলির গোলচত্বরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে পিছন থেকে ছুরি মারে এবং তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী একজনকে আটক করে র্যাবের হাতে তুলে দেয়।”
পরে গুরুতর আহত ইকবালকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক শেখ আবুল ফজল তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইকবালের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসক পুলিশকে জানিয়েছেন।
ঘটনার সাথে জড়িত সন্দেহে একজন আটক হলেও ‘তদন্তের স্বার্থে’ পুলিশ তার নাম বলেনি। তবে তার নাম বাবুল বলে শোনা গেছে।
সদর মডেল থানার ওসি মো. নাজমুল হক ভূঁইয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
