নবাবগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
ঢাকার নবাবগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের।
বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান।
নিহত নিলুফা আক্তার (২৫) মুন্সিগঞ্জের শ্রীনগরের খাহ্রা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাহাত খান রানার স্ত্রী। নবাবগঞ্জের বড় রাজপাড়া গ্রামে তার বাবার বাড়ি।
এ ঘটনায় জড়িত অভিযোগে নিলুফার দেবর মো. শফিককে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
“সকালে বোনের শ্বশুরবাড়ি থেকে মোবাইল ফোনে আমাদের জানানো হয় নিলুফা আত্মহত্যা করেছে। তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে।
“সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে তার লাশ দেখে পুলিশকে খবর দেই।”
নিলুফার শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
ওসি সায়েদুর বলেন, সকালে নিলুফার বাড়ির লোকজনের কাছে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে লাশ উদ্ধার এবং জিজ্ঞাবাদের জন্য তার দেবর শফিককে আটক করা হয়।
“নিহতের কোমরে ও কপালের বাম পাশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।”
তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
