নীলফামারীতে ২ লাশ উদ্ধার
নীলফামারীতে এক মাদ্রাসা ছাত্রীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার কিশোরগঞ্জ ও ডিমলায় উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নিহতরা হলেন কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মৌলভৗহাট গ্রামের খবের আলী (৫৫) এবং ডিমলার সোনাখুলী গ্রামের মৃত ঝুমুর আলীর মেয়ে মৌসুমী আক্তার (১২)।
মৌসুমী ওই গ্রামের শালতলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন খবের আলী। মঙ্গলবার দুপুরে তার দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার থানায় একটি অভিযোগ করেন।
“সকালে উপজেলা পরিষদের ডরমেটরিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।”
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৌসুমীর পরিবারের বরাত দিয়ে ডিমলা থানার ওসি রহুল আমিন খাঁন জানান, মঙ্গলবার রাতে মায়ের কাছে নতুন জামা কেনার বায়না করে মৌসুমী।
“তার মা ‘টাকা নেই’ পরে কিনে দেবে বললে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে মৌসুমী।সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।”
