সিলেটে মর্টার শেল উদ্ধার
সিলেটের জকিগঞ্জে পুকুর খননের সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে।
শুক্রবার উপজেলার আমলশীদ এলাকা থেকে এ মর্টার শেলটি উদ্ধার করা হয় বলে জানান ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক শাহ আলম চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে গ্রামের একটি পুকুর খননের সময় দুই ইঞ্চি লম্বা অবিস্ফোরিত একটি মর্টার শেল পাওয়া যায়।
“স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে মর্টার শেলটি উদ্ধার করা হয়।”
বিজিবি কর্মকর্তা শাহ আলম বলেন, ২০০৬ সালে আমলশীদ সীমান্তে বিজিবি-বিএসএফ গুলি বিনিময়ের সময় বিএসএফ এই মর্টার শেলটি নিক্ষেপ করেছিল। শেলটি পুকুরে পড়ে অবিস্ফোরিত থেকে যায় বলে ধারণা করা হচ্ছে।
মর্টার শেলটি সিলেটে বিজিবি সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।
