জঙ্গি সংশ্লিষ্টতা: কক্সবাজারে মিয়ানমার নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে, যিনি নিজেকে ওই দেশের একটি জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করছেন বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ায় তাকে আটক করা হয়েছে।
আটক মোহাম্মদ সালাম (৪০) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের খুললম এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে সকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
“এ সময় সালামের পায়ের সঙ্গে বাঁধা ৮০ রাউন্ড শটগানের গুলি এবং তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উর্দু ভাষায় লেখা কিছু কাগজপত্র জব্দ করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম নিজেকে মিয়ানমারের জঙ্গি সংগঠন ‘রোহিঙ্গা আরকান মুজাহিদিন জামায়াতে ইসলামি’র সদস্য বলে জানিয়েছেন।”
গুলিগুলো কক্সবাজার শহরের পাহাড়তলীর কাদির নামে একজনের কাছ থেকে সংগ্রহের পর তাদের নেতা মোহাম্মদ ইসমাইলের কাছে নিয়ে যাচ্ছিলেন বলেও স্বীকার করেছেন সালাম, বলেন বিজিবি কর্মকর্তা।
এ ঘটনায় মামলার পর তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
