নাইক্ষ্যংছড়িতে বিস্ফোরণে পুলিশ আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি বাজারে বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
বাইশারী বাজারে বুধবার রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।
আহত কনস্টেবল মাকসুদুর রহমানকে (২৬) স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওই বাজারে টহলরত এএসআই মো. সোলাইমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারের প্রধান সড়কে আজিজ মোল্লার দোকানের সামনে বোমা বিস্ফোরণ ঘটে।
“আমরা চারজন নিয়মিত টহল দিয়ে একটি চা দোকানে বসেছিলাম। আকস্মিক বোমা বিস্ফোরণ ঘটলে মাকসুদুর রহমানের ডান পায়ের পাতা জখম হয়।”
বোমাটি কী ধরনের, তা কীভাবে এল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
স্থানীয় সাংবাদিক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
