২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় বাল্কহেড ডুবি: আরেক লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া বালুবাহী বাল্কহেডটির মালিকের পর তার ছেলের লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 04:05 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বাল্ক হেডের ভেতর থেকে মো. মাসুমের (৪০) লাশ তুলে আনেন।

এর আগে বাল্কহেড মালিক মতিউর রহমানের (৬৫) লাশ দুর্ঘটনাস্থলের কাছে ভেসে ওঠে।

এখনও নিখোঁজ রয়েছেন বাল্কহেড মালিকের আরেক ছেলে রাজধানীর পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল কলেজের শিক্ষক মামুনুর রহমান মামুন (৩২)।

 

সোমবার সন্ধ্যায় বালুবোঝাই করার সময় নতুন বাল্কহেডটি তলা ফেটে ডুবে যায়।

সদর থানার ওসি ইউনুচ আলী জানান, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া জানান, ছোট বাল্কহেড ভেঙে বড় আকারে নতুন করে এটি তৈরি করা হয়। এটিতে প্রথমবারের মতো বালু তোলা হচ্ছিল।

“কিন্তু যথাযথভাবে তৈরি হয়নি বলে তলা ফেটে সেটি ডুবে যায়।”

সোমবার প্রথম বাল্কহেডটি নদীতে ভাসানো হয়। সে কারণে এর মালিক ও তার দুই ছেলে এতে উঠেছিলেন বলে জানান আফসার।

তিনি জানান, ডুবে যাওয়ার সময় ওই বাল্কহেডে  তারা ছাড়াও সুখানী, মাস্টারসহ আরও তিনজন ছিলেন। তিন স্টাফকে আশপাশের নৌযানগুলো উদ্ধার করেছে।

নিহত মতিউর রহমানের জামাতা বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, তার শ্বশুর সাঁতার জানলেও দুই শ্যালক জানতেন না।

ডুবে যাওয়া বাল্কহেডটি এখনও উদ্ধার হয়নি।

পুরনো খবর:

ব্যবসার শুরুতেই মেঘনায় বাল্গহেড ডুবে বাবা নিহত, ২ ছেলে নিখোঁজ