বরিশালে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে একজনকে চাপাতিসহ আটক করেছে পুলিশ।
মহানগর পুলিশের মুখমাত্র সহকারী কমিশনার আবু সাঈদ জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সরকারি ব্রজমোহন কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্নাকে কুপিয়ে আহত করা হয়।
আটক সুনীল বাড়ৈ পুলিশকে বলেছেন, তিনি মুন্নার কাছে লক্ষাধিক টাকা পাবেন। পাওনা টাকা চাইতে গেলে মুন্না তাকে মারধর করেন। কয়েক দিন আগে মুন্না সুনীলকে হুমকি-ধমকি দেন।
এ ঘটনার জের ধরেই সুনীল মুন্নাকে কুপিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
সুনীল সাংবাদিকদের দাবি করেন, তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষারের অনুসারী।
