পুলিশ হত্যা মামলায় গাইবান্ধার জামায়াতনেতা গ্রেপ্তার
পুলিশ হত্যামামলার আসামি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আবুল আল মওদুদকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পীরগাছা রেলওয়ে স্টেশনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলগেইটের কাছে একটি মাইক্রোবাসে মওদুদ অবস্থান করছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।”
২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের দিন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মওদুদকে প্রধান আসামি করে হত্যা মামলাসহ পাঁচটি মামলা করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ওসি আমিনুল বলেন, মওদুদকে এখনো সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়নি তবে গ্রেপ্তারের বিষয়টি থানার ওসিকে জানানো হয়েছে।
