কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যা
কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে উখিয়া সদর স্টেশনে ছুরিকাহত হন মোহাম্মদ শাহীন (২১)। শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ শাহীন (২১) রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়ার মো. কালু হাজীর ছেলে।
কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
নিহতের স্বজনদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার উখিয়া হাইস্কুল মাঠে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় শাহীনের সঙ্গে এক যুবকের ধাক্কা লাগে। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
“গুরুতর অবস্থায় প্রথমে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকালে তার মৃত্যু হয়।”
তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ওসি।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, গুরুতর আহত অবস্থায় শাহীনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
“তার পেট ও পিঠে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
এ বিষয়ে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন বলেন, বাণিজ্য মেলায় লোকজনের ভিড়ে উখিয়ার সিকদার পাড়া এলাকার জাহাঙ্গীর (২২) ও সাগর (২০) নামের দুই যুবকের সঙ্গে ছাত্রলীগ নেতা শাহীনের ধাক্কা লাগে।
“এর জেরে জাহাঙ্গীর ও সাগর সহ ২/৩ জন যুবক শাহীনকে ছুরিকাঘাত করে।”
জাহাঙ্গীর ও সাগরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
