২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মেয়েকে বিক্রির সন্দেহে বাবা রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিদেশ যাওয়ার টাকা যোগাড়ের জন্য দুই মেয়েকে বিক্রির সন্দেহে বাবাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 10:46 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

কান্দাপাড়া গ্রামের মনির হোসেনকে (৩২) বৃহস্পতিবার রিমান্ডে নেওয়া হয়। তার দুই মেয়ে মারিয়া আক্তার (৬) ও সামিয়া আক্তার (৪) ১৫ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে।

শিশুদের মা রত্না আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ জানুয়ারি মনির হোসেন দুই মেয়েকে নিয়ে ভৈরবে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ২০ জানুয়ারি তাকে নবীনগর উপজেলার বীরগাঁও থেকে এলাকাবাসী আটক করলে তাকে বাড়ি নিয়ে আসা হয়।

“বিদেশ যাওয়ার টাকা যোগাড়ের জন্য মনির আমার দুই মেয়েকে বেচে ফেলেছে বলে এলাকার মানুষ বলাবলি করছে।”

অপরদিকে মনির হোসেনের দাবি, তিনি দুই মেয়েকে নিয়ে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুতে বেড়াতে যান। সে সময় পার্শ্ববর্তী নাথপাড়া গ্রামের বন্ধু রতন (৩২) তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে দুই মেয়েকে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় রত্না আক্তার বুধবার রাতে রতন ও মনিরকে সন্দেহজনক আসামি করে মামলা করেন।

আশুগঞ্জ থানার ওসি সেলিম উদ্দিন জানান, মামলার পর বুধবার রাতেই মনিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রতনকে গ্রেপ্তার ও শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

মনির ও রত্নার সায়মন নামে দেড় মাসের একটি ছেলেও রয়েছে।