মেঘনায় ডুবে যাওয়া ট্রলার শনাক্ত, মেলেনি লাশ
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়ার তিন দিন পর ট্রলারের অবস্থান শনাক্ত করতে পারলেও কোনো লাশ বা নিখোঁজ আটজনের সন্ধান পায়নি উদ্ধারকারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক এস এ মাহফুজ উল আলম সজল সংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ট্রলারটি শনাক্ত করা গেছে।
তিনি বলেন, “৬০ ফুট দৈর্ঘ ও ১২ ফুট প্রশস্ত ট্রলারটি হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় ৩০ ফুট পানির নিচে রয়েছে। ট্রলারে হুড না থাকায় এবং নদীতে স্রোত থাকায় নিখোঁজ যাত্রীরা অনেক দূরে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, ডুবে যাওয়া ট্রলারের লাইসেন্স নেই বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে হাইমচরের তেলির মোড় এলাকা থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে এমভি রবিন নামের ট্রলারটি ঈশানবালার উদ্দেশে যাওয়ার সময় মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও আট জন নিখোঁজ থাকে।
নিখোঁজ যাত্রীরা হলেন শ্যামলী বেগমের ছেলে ফাহিম (২০), মোস্তফা মৃধার ছেলে মানিক (৪) ও রতন (২), শাহ আলমের স্ত্রী নারগিস (৩০) ও মেয়ে শাহজাদী (২০), সালহা উদ্দিন নেপালের স্ত্রী আলেয়া (২৬), তাদের ছেলে সিয়াম (৮) ও মেয়ে স্বর্ণা (৪)।
এদের সবার বাড়ি হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায়।
