২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চরমপন্থা ছেড়ে দেওয়ায়’ খুন

পাবনার চাটমোহরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, চরমপন্থি দল ছেড়ে দেওয়ায় যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 01:01 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

নিহত আব্দুস সামাদ (৫০) উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী গ্রামের প্রয়াত চৈতে প্রামাণিকের ছেলে।

বৃহস্পতিবার সকালে নেংড়ী গ্রামের একটি সরিষা ক্ষেতে তার মৃতদেহটি পাওয়া যায় বলে জানান চাটমোহর থানার ওসি নুরুজ্জামান। 

নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় আব্দুস সামাদ। এরপর থেকে নিখোঁজ থাকেন তিনি।  

“বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে গ্রামের সরিষা ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।”

সামাদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি নুরুজ্জামান।

তিনি আরও বলেন, নিহত সামাদ আগে চরমপন্থি গ্রুপ ‘সর্বহারা’ দলের সক্রিয় সদস্য থাকলেও বেশ কিছুদিন আগে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

“দল থেকে বেরিয়ে যাওয়ার কারণে সামাদকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”