২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবেশপত্রে বিভাগ বদল, এসএসসি পরীক্ষার্থীরা বেকায়দায়

প্রবেশপত্রে বিষয় ও বিভাগের নাম বদলে যাওয়ায় কিছু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

কক্সবাজার ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 12:44 AM

Updated : 20 Aug 2022, 11:42 AM

কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের ৪০ পরীক্ষার্থী দুই বছর ধরে পড়াশোনা ও টেস্ট পরীক্ষা দিয়েছে চারু ও কারুকলা বিষয়ে। কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার সূচি ও প্রবেশপত্রে বিষয়টির উল্লেখ নেই।

লক্ষ্মীপুরের দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর প্রবেশপত্রে গ্রুপ পরিবর্তন হয়ে অন্য গ্রুপ ছাপা হয়েছে।

পরীক্ষার মাত্র ছয় দিন আগে প্রবেশপত্র হাতে পেয়ে দিশেহারা শিক্ষার্থীরা। কিন্তু সমস্যাটি সমাধানের চেষ্টা না করে শিক্ষা বোর্ড ও বিদ্যালয় কর্তৃপক্ষ দুষছে পরস্পরকে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারু ও কারুকলা বিষয়টি পড়ানোর ব্যাপারে চট্টগ্রাম বোর্ডের কোনো প্রকার অনুমোদন নেই।

“ওই স্কুল কর্তৃপক্ষ বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজ উদ্যোগে এ বিষয়টি শিক্ষার্থীদের পড়িয়েছে। এটা স্কুল কর্তৃপক্ষের ভুল, দায়ও তাদের।”

বোর্ডের অনুমোদন না থাকা সত্ত্বেও ‘চারু ও কারুকলা’ বিষয়টি পড়ানোর ব্যাপারে কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলী এ নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘চারু ও কারুকলা’ বিষয়টি দেখে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করিয়েছি। সেই অনুযায়ী বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য এ বিষয়ের বইও সরবরাহ করেছে।”

তিনি অভিযোগ করেন, “পড়ানোর অনুমতি না থাকলে বোর্ড কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীদের বই সরবরাহ করল কিভাবে?”

এ বিষয়ে বোর্ডের পরিদর্শক কাজী নাজিমুল বলেন, যেকোনো ধরনের ভুল থাকলে তার জন্য স্কুল কর্তৃপক্ষকে সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।

ফল বিপর্যয়ের আশঙ্কায় উদ্বিগ্ন কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের পরীক্ষার্থী সাফায়েত কাশেম সায়েমের বাবা জালাল উদ্দিন।

“সোমবার রাতে স্কুলের শিক্ষক সরওয়ার আজম মুঠোফোনে আমার ছেলেকে চারু ও কারুকলার পরিবর্তে কৃষি শিক্ষা বিষয়ে প্রস্তুতি নিতে পরামর্শ দেন। এমনকি কৃষি শিক্ষা বিষয়ের একটি বইও বিদ্যালয় থেকে দেওয়া হয়।”

পরীক্ষার মাত্র ছয় দিন আগে এ ধরনের সিদ্ধান্ত কোমলমতি শিক্ষার্থীদের জীবন নিয়ে মশকরা করার শামিল বলে তিনি অভিযোগ করেন।

অপরদিকে লক্ষ্মীপুরের দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়ের কমপক্ষে ৯ শিক্ষার্থীর প্রবেশপত্রে বিভাগের নাম পরিবর্তন হওয়ায় তারা বিপাকে পড়েছে।

এ বিদ্যালয়ের এমরান হোসেনের মানবিক গ্রুপ, প্রবেশপত্রে ছাপা হয়েছে ব্যবসা শিক্ষা। ফাহিম হোসেনের ব্যবসা শিক্ষা, ছাপা হয়েছে বিজ্ঞান। আব্দুল কাদেরের কৃষি শিক্ষার পরিবর্তে ছাপা হয়েছে কম্পিউটার। ফরহাদ হোসেন, হৃদয় হোসেন আশেক, রুবেল হোসেন, আব্দুল লতিফ, আলী হোসেন ও মাহাবুবুর রহমানের কম্পিউটার বিষয়ের পরিবর্তে ছাপা হয়েছে কৃষিক্ষিা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমানকে জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর দেননি।

আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা।