প্রাক্তন স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগ
গোপালগঞ্জের সদর উপজেলায় ‘ডিভোর্সের কারণে ক্ষুব্ধ হয়ে’ প্রাক্তন স্ত্রীর হাত-পায়ের রগ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
টুঠামান্দ্রা গ্রামে সিলভা বিশ্বাসের (২৩) উপর সুকান্ত সরকার হামলা চালান বলে অভিযোগ করেছেন সিলভার মা নির্মলা বিশ্বাস। মেয়েকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয় বলেও অভিযোগ রয়েছে।
আহত দুজনই গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের কনসালট্যান্ট এ এস এম জুলফিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলভার হাত ও পায়ের রগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।”
চিকিৎসাধীন মা নির্মলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালে কাশিয়ানী উপজেলার শিঙ্গা গ্রামের সুকান্ত সরকার ওরফে নেপালের সাথে সিলভার বিয়ে হয়।
এরপর তিনি সুকান্তের সাথে ঢাকার বংশালে একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন।
পরে সিলভা জানতে পারেন, ‘সুকান্ত ঢাকার অপরাধ জগতের সাথে জড়িত। তার অপরাধমূলক কর্মকাণ্ড মাত্রা ছাড়ালে’ ২০১৫ সালের এপ্রিল মাসে সিলভা তাকে ডিভোর্স দিয়ে টুঠামান্দ্রা গ্রামে মায়ের সাথে বসবাস করছেন বলে নির্মলা জানান।
নির্মলা অভিযোগ করেন, “ডিভোর্স দেওয়ার কারণে সুকান্ত আমার মেয়েকে পথেঘাটে নির্যাতন করেছে এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছে।
“সোমবার রাতে সুকান্তসহ চার-পাঁচজন আমাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়ে মারপিট করে এবং এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে সিলভার হাত-পায়ের রগ কেটে দেয়। এ সময় আমি মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তারা আমাকেও কুপিয়ে জখম করে।”
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুকান্তকে গ্রেপ্তারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আবু নাঈম।
সিলভা-সুকান্তের অর্কিড নামে তিন বছরের একটি মেয়ে রয়েছে।
