২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগের আরও দুই নেতা বহিষ্কার

সংগঠনের এক কর্মীকে পেটানোর দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

এরা হলেন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখার সভাপতি আরিফ বিন জহির ও সহ-সভাপতি রেজুয়ান হৃদয়।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার তিনকর্মীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মিজানুর রহমান রানাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুচ্ছ কারণে সংগঠনের এক কর্মীকে হয়রানি করার অভিযোগে শাহ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহির ও সহ সভাপতি রেজুয়ান হৃদয়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত তারা সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী ফজলুল হক ক্যাম্পাস থেকে হলে ফিরছিলেন। এ সময় রেজুয়ান হৃদয়ও রাস্তা দিয়ে বান্ধবীকে নিয়ে যাচ্ছিলেন।ফজলুল হক তাদের দিকে দুইবার তাকালে অতর্কিতভাবে পেটাতে শুরু করেন হৃদয়।

“একপর্যায়ে আরিফ বিন জহিরও এসেও ফজলুল হককে পেটাতে শুরু করেন। পরে আরেক শিক্ষার্থী আতিক সাদ্দাম তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।”

ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো কারণ ছাড়াই অন্যায়ভাবে তারা আমাকে মারধর করে।

এ বিষয়ে আরিফ বিন জহির বলেন, “আমি সেখানে সময়মত উপস্থিত না হলে বড় কোনো ঘটনা ঘটতে পারতো। তবে সংগঠনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমি মাথা পেতে নিতে বাধ্য।”

তবে কথা বলার রেজুয়ান হৃদয়কে একাধিক কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।