জাটকা ধরায় ২৮ জেলের জেল মংলায়
জাটকা শিকারের দায়ে বাগেরহাটের মংলা উপজেলায় কোস্টগার্ডের হাতে আটক ২৮ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদাল।
শুক্রবার সকালে পশুর নদীতে ধরা পড়ার পর বিকালে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন মংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মাদ আলী প্রিন্স। পরে তাদেরকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
ইউএনও প্রিন্স বলেন, মৎস্য সুরক্ষা আইনে এসব জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম ফজলুল করিম বলেন, গোপন সংবাদে সকালে পশুর নদীতে দুটি ট্রলার থেকে জাটকাসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
এ সময় বাগেরহাটের বিভিন্ন এলাকার ২৮ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেয়।
