কুতুবদিয়ার ২৫ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি
মুক্তিপণ আদায়ের জন্য বঙ্গোপসাগর থেকে জলদুস্যরা ২৫ জেলেকে অপহরণ করেছে বলে জানিয়েছেন কক্সবাজারের কুতুবদিয়ার ট্রলার মালিকরা।
বৃহস্পতিবার কুতুবদিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাঁচ ট্রলার মালিক ঘটনাটি জানান।
সংবাদ সম্মেলনে ট্রলার মালিক শেখ কামাল, রশিদ আহমদ, রত্নসেন, আলমগীর ও বিভীষণসহ অপহৃতদের কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।
তারা জানান, কুতুবদিয়ার বিভিন্ন মালিকের ফিশিং ট্রলারে করে জেলেরা মাছ ধরতে গিয়েছিলেন দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন উপকূল এলাকায়।
ট্রলার মালিকরা অভিযোগ করেন, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর সাগরের সুন্দরবন উপকূলের বড়খালী ও মেহের আলীর চর এলাকায় শতাধিক ট্রলার জলদস্যুদের হামলার শিকার হয়। এসব ট্রলারে লুটপাট চালানোর পাশাপাশি প্রতি ট্রলারের দুই-তিন জন করে জেলেকে তুলে নিয়ে যায় জলদস্যুরা।
এদের মধ্যে কুতুবদিয়ার ১২টি ট্রলারে ডাকাতি এবং কুতুবদিয়ার বিভিন্ন ট্রলারের ২৫ জেলেকে অপহরণ করে জলদস্যুরা মুক্তিপণ দাবি করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তবে ২৫ জন অপহৃত হওয়ার কথা বললেও ১৮ জনের নাম জানাতে পেরেছেন ট্রলার মালিকরা।
অপহৃত ১৮ হচ্ছেন কুতুবদিয়ার আলী আকবর ডেইল কুমিরারছড়া এলাকার রত্নসেন কোম্পানির এফবি সাগর-২ এবং এফবি সাগর-৩-এর সুজন জলদাস (৩২), সুভাষ জলদাস (২২) ও নূর হোসেন (৩৪), একই এলাকার আলমগীর কোম্পানির এফবি হাজি ছৈয়দা খাতুন ট্রলারের মিন্টু জলদাস (৪০), রহিম ড্রাইভার (২৮), শেখ কামাল কোম্পানির এফবি খাজা আজমির ট্রলারের নাছির উদ্দিন (৪৫), লেডু ড্রাইভার (৪১), বড়ঘোপ এলাকার ছাবের আহমদ কোম্পানির এফবি নাহিন ট্রলারের মাহাবুবুল হক (৩৮), এফবি মাবিয়া ট্রলারের মো. হোসেন (৩৭), সত্যরঞ্জন কোম্পানির এফবি দুর্গা ট্রলারের আজলা দাশ (৩৪), এফবি মা লক্ষ্মী ট্রলারের আনন্দ দাশ (৪৫), দিদার কোম্পানির এফবি বায়তুশ শরফ ট্রলারের মো. হাছান ওরফে কালা সোনা (৩৫), রশিদ আহমদ বইল্যা কোম্পানির এফবি শাহেলা ট্রলারের জিয়াবুল হক (৪৩), গিয়াস উদ্দিন ওরফে কালাবদা (৩৭), বিভীষণ দাশ কোম্পানির এফবি মা দুর্গা ট্রলারের আদিনাথ দাশ ওরফে গুরাবুইজ্জ্যা (৪৩), ইসমাইল কোম্পানির এফবি আল্লার দান ট্রলারের আলী হায়দার কালু (৫৫), মনছুর কোম্পানির এফবি ড্যানিস ট্রলারের ইউনুচ (৩২) ও মালিক মনছুর (৩০)।
কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, কুতুবদিয়ার ১২টি ট্রলারে ডাকাতি এবং এ নিয়ে সংবাদ সম্মেলনের খবর তিনি শুনেছেন।
প্রশাসনিক এলাকার বাইরের ঘটনা বলে করণীয় সম্পর্কে ওসি কিছু জানাতে পারেননি।
