বিডিআর বিদ্রোহে খালেদার 'সম্পৃক্ততার' তদন্ত দাবি হানিফের
সীমান্তরক্ষী বাহিনী বিডিআর'র বিদ্রোহের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 'সম্পৃক্ততা' তদন্ত করে দেখার দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে নতুন ছাত্রছাত্রীদের নবীনবরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া বিডিআর বিদ্রোহের দিন হঠাৎ করে সকাল ৮টার সময় ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে কালো গ্লাসে ঢাকা গাড়িতে করে বাসা থেকে বেরিয়ে যান। এরপর দুই দিন তার কোনো খবর ছিল না।
‘এটা কেন, কি কারণে, কোথায় গিয়েছিল? এটা সন্দেহজনক। ওই ঘটনার সাথে এর একটা সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। আমরা বারবার বলেছি, এটার তদন্ত হওয়া উচিত।"
তদন্ত করে বিদ্রোহের ঘটনায় বিএনপি চেয়ারপারসনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।
আওয়ামী লীগের পক্ষ থেকে এ দাবি আগেও করেছেন জানিয়ে পুনরায় এ দাবি জানান তিনি।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় সৈনিকরা বিভিন্ন দাবিতে সশস্ত্র বিদ্রোহ করে। এতে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। এছাড়া আরও ১৭ জন এই ঘটনায় প্রাণ হারান।
এ ঘটনার পর সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সামীন্তরক্ষাকারী এই বাহিনীর পোশাক ও নাম পাল্টে ফেলা হয়।বাংলাদেশ রাইফেলস (বিডিআর) হয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সম্প্রতি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর এক সমাবেশে এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের ষড়যন্ত্র ও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্রোহের আগের রাতে খালেদা জিয়াকে তার ছেলে তারেক লন্ডন থেকে ৪৫ বার ফোন করে সেনানিবাসের বাসা ছাড়তে বলেছিলেন দাবি করে এই অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফের সঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জামাল উদ্দিন মোল্লা, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান উপস্থিত ছিলেন।
