২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অপহৃত কলেজছাত্র উদ্ধার, আটক ৫

রাজশাহীতে অপহরণের একদিন এক কলেজছাত্রকে উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে আটক করার খবর জানিয়েছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 08:13 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার দুপুরে নগরীর মতিহার থানার সমসাধিপুর এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয় বলে  র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এ সময় অপহরণের সঙ্গে জড়িত মা, ছেলে ও মেয়েসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার আনিছুর রহমান নগরীর শাহমখদুম পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের ছাত্র। নাটোরের গুরুদাসপুর উপজেলার হান্নানের ছেলে তিনি।

আটকৃতরা হলেন, নগরীর বড়বনগ্রামের আব্দুল গফুরের মেয়ে লিমা (১৮), গফুরের স্ত্রী লতিফা বেগম (৪৫), তার ছেলে সোহাগ (২০),  সমসাধিপুর এলাকার আব্দুল মন্ডলের ছেলে বাদশা (৫২) ও  লিটন আলী (৩৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  রোববার দুপুরে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকা থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি আনিছুরকে অপহরণ করে নিয়ে যায়। বিকাল পৌনে ৫টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তার বাবার নম্বরে ফোন করে এক লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী।

“এ ব্যাপারে আনিছুরের বাবা হান্নান র‌্যাব রাজশাহীর সদর দপ্তরে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সোমবার বেলা ১১টার দিকে বড়বনগ্রাম চকপাড়া এলাকা থেকে সোহাগ ও লতিফাকে আটক করা হয়।”

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌনে ২টার দিকে সমসাধিপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশার বাড়ি থেকে আনিছকে উদ্ধার করা হয়েছে। এ সময় লিমা, বাদশা ও লিটনকে আটক করা হয় বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।