২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখেরি মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা

আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় এই বারের প্রথম পর্ব শেষ হয়েছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 12:24 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার সকাল ১১টা ৮ মিনিটে শুরু আখেরি মোনাজাত শেষ হয় সাড়ে ১১টার দিকে।

মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মারকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ।

মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নেয়।

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইজতেমা ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

আখেরি মোনাজাতের জন্য বাড়তি নিরাপত্তায় অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ ফোর্স (দুই শিফটের ফোর্স এক শিফটে) মোতায়েন করা হয়।

এছাড়া মোনাজাত শেষে ইজতেমাস্থল থেকে বাড়ি ফিরতে মুসল্লিদের জন্য বিনা ভাড়ার বিশেষ শাটল বাসের ব্যবস্থা করেছে গাজীপুর জেলা পুলিশ।

এবার ইজতেমায় আসা মুসল্লিদের মধ্যে এক বিদেশিসহ আট জনের মৃত্যু হয়েছে।  

গত ৮ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল, যাতে অংশ নেন ১৭ জেলার মুসল্লিরা। আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে তিন দিন পর শেষ হবে বিশ্ব তাবলিক জামাতের বার্ষিক এই সম্মিলন। ওই পর্বে অংশ নেবেন আরও ১৫ জেলার মুসল্লি।

এর বাইরে দেশের বাকি ৩২টি জেলার মানুষ আগামী বছর দুই পর্বে ইজতেমায় অংশ নেবেন। 

রোববার সকালে সরেজমিন দেখা যায়, কুয়াশার মধ্যে আখেরি মোনাজাতে শরিক হতে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক মুসল্লি তুরাগতীরে জমায়েত হয়েছেন।

মোনাজাতের আগে ইজতেমা ময়দানে চটের সামিয়ানার নিচে বয়ান শোনেন লাখো মানুষ। ময়দান ভরে যাওয়ায় আশেপাশের অলিগলি ও রাস্তায় পাটি, খবরের কাগজ, পলিথিন বিছিয়ে তাতেই অবস্থান নেন অনেকে।

গাজীপুরের মালেকের বাড়ি থেকে আসা নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর ৪টার দিকে হেঁটে রওনা হই। সকাল ৮টায় পৌঁছেছি।”

পুরনো খবর:

ইজতেমার শেষ দিনে আরও ২ জনের মৃত্যু
ইজতেমা ফেরত মুসল্লিদের জন্য পুলিশের বাস
ইজতেমায় আখেরি মোনাজাত: টঙ্গীমুখী যান চলাচল বন্ধ