২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন উল্টে নিহত ১

নরসিংদীতে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে এক পথচারী নিহত হয়েছেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন শতাধিক যাত্রী।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 10:26 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের নরসিংদী স্টেশনের কাছে সিংড়াগাছ এলাকায় ‘তিতাস কমিউটার’ এ দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন নরসিংগদী সদর থানার ওসি আবুল কাশেম জানান।

নরসিংদী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ থাকে। উদ্ধার কাজ শেষে রাত সাড়ে ১০টার দিকে ফের তা চালু হয়।

নিহত বাবুল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা। তিনি রিকশাচালক বলে স্থানীয়রা জানান।

ওসি আবুল কাশেম জানান, সিংড়াগাছ এলাকা অতিক্রম করার সময় আউটার সিগন্যালে পৌঁছলে ‘তিতাস কমিউটার’ ট্রেনের ইঞ্জিন উল্টে রেললাইনের পাশে পড়লে তার চাপায় পথচারী বাবুল নিহত হন।

“ওই সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের শতাধিক যাত্রী আহত হন।”

ঘটনার পর থেকে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ওসি জানান।