সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি পরোয়ানা
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তরি পরোয়ানা জারির আদেশ দিয়েছে সিলেটের একটি আদালত।
বৃহস্পতিবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নজরুল ইসলাম এ আদেশ দেন।
২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ইয়র্ক হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন তারেক।
এর আগে ঢাকার আদালত থেকেও একই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
আদালতের পিপি মাহফুজ আহমদ জানান, লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন তারেক রহমান।
ওই ঘটনায় ২০১৪ সালের ২৪ ডিসেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ বাদী হয়ে আদালতে তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
“মামলার শুনানি শেষে আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।”
