সিরাজগঞ্জে ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার
সিরাজগঞ্জে ‘ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার ভোরে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি ওয়াহেদুজ্জামান।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঘোরাঘুরির সময় গোয়েন্দা পুলিশের একটি টহল দল তাদের জিজ্ঞাবাদ করে। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়।”
“তারা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ সুপার আরও বলেন, “সংঘবদ্ধ এ চক্রটি রাতে হাটিকুমরুল ও এর আশপাশের এলাকায় খালি ট্রাক নিয়ে ঘোরাফেরা করে এবং সুযোগ বুঝে যাত্রীদের জিম্মি করে মালামাল ছিনিয়ে নেয়। কখনও যাত্রীদের খুন করে লাশ মহাসড়কে ফেলে যায় ।”
আটককৃতরা হলেন নাটোর সদরের পার-আটঘরিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে কাঞ্চন (৪৮), পার হাট দ্বারিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে হোসেন আলী (২৫), বলরামপুর গ্রামের আফসার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের নওশেদ আলীর ছেলে শাহিনুর রহমান (২৮), লালপুর উপজেলার চক নাজিরপুর গ্রামের চান্দু সরদারের ছেলে রাশেদুল মিঞা (২৮) ও বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর গ্রামের গফুর মোল্লার ছেলে লিটন মোল্লা (২৮)।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
