লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে ডাকাত বলে দাবি করছে পুলিশ।
এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার ভোরে সদর উপজেলার চরশাহীর জাফরপুরে এ ঘটনা ঘটে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি মো. আবুল বাসার।
গুলিবিদ্ধ মেহরাজ উদ্দিনকে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পূর্ব সৈয়দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মেহরাজ উদ্দিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত এবং তার বিরুদ্ধে সদর ও চন্দ্রগঞ্জ থানায় হত্যসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
ওসি আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহরাজ উদ্দিন তার দলবল নিয়ে জাফরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালালে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
“ঘণ্টাব্যাপী বন্ধুকযুদ্ধের পর মেহরাজকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়, তবে তাদের দলের অন্যরা পালিয়ে যেতে সমর্থ হয়।”
ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি এলজি, চার রাউন্ড গুলি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিষ উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
ওসি জানান, আহত পুলিশ কনস্টেবল মাইন উদ্দিন, সুলতান মাহমুদ, বাহার উদ্দিন ও আবদুল মমিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহরাজ উদ্দিনের দলের অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
