জেএসসি: সিলেটে বেড়েছে জিপিএ-৫
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।
এবার পাশের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৫৬ জন শিক্ষার্থী।
গত বছর পাশের হার ছিল ৯১ দশমিক ৫৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ১১০ জন জন শিক্ষার্থী।
বৃহম্পতিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে এক লাখ ২৬ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ১৮ হাজার ৮৫৫ জন।
“চার জেলার ৯৬৯টি স্কুলের মধ্যে থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ২১৭টি স্কুলের। কেউ পাস করেনি এমন কোনো স্কুল নেই এ বোর্ডে।”
মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ২৯ হাজার ৮৯৪ জন, এ মাইনাস গ্রেডে ২৭ হাজার ১৫ জন, বি গ্রেডে ২৮ হাজার ১৭ জন, সি গ্রেডে ২৭ হাজার ৬১ জন ও ডি গ্রেডে ১ হাজার ৯১২ জন রয়েছে বলে জানান আব্দুল মান্নান খান।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছর ফলাফলে মেয়েরা এগিয়ে থাকলেও এবার ভালো করেছে ছেলেরা।
এবার ৫৫ হাজার ৩০৬ জন ছাত্র অংশ নিয়ে পাশ করেছে ৫১ হাজার ৮৬৬ জন। ছেলেদের পাশের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ।
৭১ হাজার ৬৮৫ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৬৬ হাজার ৯৮৯ জন। মেয়েদের পাশের হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ।
